সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয়ের তালা খুলে দেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ–এর নেতারা। এ সময় তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় প্রধান শেখ হাসিনা–র প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান তোলেন।
কার্যালয়টি পুনরায় খোলার পর সেখানে “দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন” সম্বলিত একটি ব্যানার টানানো হয়। পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদা। আরিফ হাওলাদার গণমাধ্যমকে জানান, দলীয় কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে কার্যালয় খুলে মিলাদ পড়ানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একাংশ দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেয়। এরপর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।
