বৈশাখ ১৪৩৩ উপলক্ষে কলারোয়া মডেল মসজিদ প্রাঙ্গণে মেলার মতো পরিবেশ ও অস্থায়ী দোকানপাট বসানোকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন মুসল্লি ও সচেতন নাগরিকের অভিযোগ, মসজিদ একটি পবিত্র ধর্মীয় স্থান। সেখানে নারী-পুরুষের অবাধ বিচরণ, উচ্চ শব্দ ও বাণিজ্যিক কার্যক্রম ইবাদতের পরিবেশ ব্যাহত করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, পহেলা বৈশাখ সাংস্কৃতিকভাবে উদযাপিত হলেও এটি ধর্মীয় অনুষ্ঠান নয়; ফলে মসজিদ প্রাঙ্গণে এ ধরনের আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে তারা মনে করছেন।
অভিযোগকারীরা আরও জানান, অতিরিক্ত ভিড় ও দোকানপাটের কারণে মসজিদের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন ও মসজিদ কমিটির মতামত জানার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে তা জানানো হবে।
