সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খালিদ হাসান নয়নকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক একটি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সোমবার রাতে তালা হাসপাতাল থেকে দুইজন মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়। এ সময় একটি সরকারি ও একটি ব্যক্তিমালিকানাধীন—দুটি অ্যাম্বুলেন্স রওনা দেয়। পথিমধ্যে পাটকেলঘাটার শাকদহ ব্রিজ এলাকায় ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে রোগীদের জীবনঝুঁকি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপর অ্যাম্বুলেন্সের সহায়তায় উভয় রোগীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এটি ছিল সম্পূর্ণ মানবিক উদ্যোগ, যেখানে রোগীর জীবন রক্ষাই ছিল প্রধান অগ্রাধিকার।
তবে এ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ডা. খালিদ হাসান নয়নের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বলে জানিয়েছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। তাদের দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে আংশিক ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।
অভিযোগের বিষয়ে ডা. খালিদ হাসান নয়ন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দুটি অ্যাম্বুলেন্সেই গুরুতর অসুস্থ রোগী ছিল। একটি গাড়ি বিকল হয়ে পড়ায় রোগীদের জীবন রক্ষার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল না।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু অনলাইন পোর্টাল যাচাই-বাছাই ছাড়াই তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
এদিকে স্থানীয় সচেতন মহলের একটি অংশ বলছে, যাচাই ছাড়া সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে আস্থা নষ্ট করছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
