বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আব্দুল্লাহ আল মুত্তাকী। কলারোয়া আলীয়া কামিল মাদরাসা-এর ইবতেদায়ী শাখা থেকে অংশগ্রহণ করে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। পাশাপাশি কলারোয়া উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে এই মেধাবী শিক্ষার্থী।
মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেছে। তার পিতা মাওলানা মোঃ আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। তার মাতা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমীর শিক্ষিকা।
সাফল্যের প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মুত্তাকী জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে একজন বিজ্ঞ আলেম হিসেবে দেশ ও ইসলামের খেদমতে আত্মনিয়োগ করাই তার লক্ষ্য। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সে সকলের কাছে দোয়া কামনা করেছে।
এই অর্জনের পেছনে বাবা-মা ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে মুত্তাকী। তার বড় ভাই ফুয়াদ আল আবরার বলেন, “মুত্তাকী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মহান আল্লাহ যেন তার নেক আশা পূরণ করেন এবং তাকে দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন—এটাই আমাদের প্রত্যাশা।”
