রাজধানীর পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটকরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময় জানায়, বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এর আগে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে অর্থায়নের বিষয়টি খতিয়ে দেখতে এবং সম্ভাব্য অর্থ স্থানান্তর বা গোপন ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়।
হত্যাচেষ্টার ঘটনার তদন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অব্যাহত রেখেছে। পাশাপাশি আর্থিক গোয়েন্দা সংস্থাও সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্র যাচাই করছে।
উল্লেখ্য, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা করেন। ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে মামলার বাদী ১৫ জানুয়ারি অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে নির্দেশ দেন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ইতোমধ্যে ষষ্ঠবারের মতো পিছিয়েছে।
